ফরাক্কায় ট্রেন বিপর্যয়, বিপন্ন পর্যটকদের পাশে নজিরবিহীন মানবিক উদ্যোগ!
বার্তা ডেস্কঃ
September 5, 202610:33 am
অতিবৃষ্টির জেরে নিউ ফরাক্কা জংশন স্টেশনের কাছে রেললাইনের নিচের মাটি ধসে গিয়ে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একাধিক ট্রেন বাতিল হওয়ায় শিলিগুড়ি ও আশেপাশের এলাকায় হাজার হাজার পর্যটক এবং সাধারণ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
এই পরিস্থিতিতে আটকে থাকা যাত্রীদের সহায়তায় বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় আটকে পড়া পর্যটকদের জন্য সরকারি আবাসনের পাশাপাশি প্রয়োজনে বেসরকারি হোটেল বা বাণিজ্যিক লজ ভাড়া করে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকল্প পরিবহণ হিসেবে বাড়ানো হয়েছে বাসের সংখ্যা। পাশাপাশি আটকে থাকা ট্রেনের যাত্রীদের মধ্যে খাবার প্যাকেট ও পানীয় জল বিতরণ করা হচ্ছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে উত্তরবঙ্গের প্রবেশমুখে রেললাইনের নিচে আচমকা ধস নামে। এতে আপ ট্র্যাকটি পুরোপুরি বসে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়েই রেলের প্রকৌশলী ও কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেন। প্রায় ৩০ ঘণ্টা অতিক্রম করলেও কাজ এখনো চলছে।
শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন। পরিদর্শন শেষে সাংসদ জানান, রেলের সতর্কতার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। দ্রুতগতিতে মেরামতি চলছে এবং আশা করা যাচ্ছে শুক্রবার রাত ১২টার মধ্যেই রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।