বেলুচে ব্যর্থতা ঢাকতে ইসলামাবাদের নতুন চাল, কী এই ‘ফিতনা আল-হিন্দুস্তান’!
বার্তা ডেস্কঃ
September 5, 202611:34 am
বেলুচিস্তানের বহু দশকের পুরোনো অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও নিজেদের সামরিক ব্যর্থতা ঢাকতে ফের ‘ভারত কার্ড’ খেলতে শুরু করেছে পাকিস্তান। প্রদেশটিতে ক্রমাগত বাড়তে থাকা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সহিংসতাকে সরাসরি দিল্লির সঙ্গে যুক্ত করে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে এক নতুন প্রোপাগান্ডা বয়ান তৈরি করেছে ইসলামাবাদ।
সম্প্রতি বেলুচিস্তানের মাস্তুং এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। এই হামলার দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এত বড় ধরনের নিরাপত্তা বিপর্যয়ের পর কোণঠাসা হয়ে পড়া পাকিস্তানি সামরিক বাহিনী ও সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার সহজ পথ হিসেবে ভারতের দিকে আঙুল তোলার পুরনো কৌশল বেছে নিয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বেলুচিস্তানের এই সংকট কোনো সাম্প্রতিক বিষয় নয়। পাকিস্তান রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই এই অঞ্চলে রাজনৈতিক স্বায়ত্তশাসন ও সঠিক প্রতিনিধিত্বের অভাব রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রাকৃতিক সম্পদের চরম শোষণ এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ক্ষোভ উগরে দিচ্ছে বেলুচ বিদ্রোহীরা। কিন্তু ইসলামাবাদ নিজেদের এই নীতিগত ও রাজনৈতিক ব্যর্থতা স্বীকার না করে পুরো বিষয়টিকে ‘বহিরাগত শত্রুর চক্রান্ত’ হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অন্যদিকে ঘোরানো এবং ঘরোয়া রাজনীতিতে ফায়দা তোলার উদ্দেশ্যে ২০২৫ সালের মে মাস থেকেই পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে বোঝাতে সরকারিভাবে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ শব্দটি ব্যবহারের নির্দেশ দেয়। এরপর থেকেই সেনা ও সরকারের সর্বস্তরে এই পরিভাষার বহুল ব্যবহার শুরু হয়েছে।