উত্তরবঙ্গের চা শিল্প বাঁচাতে আসছে কেন্দ্রের বিশেষ প্যাকেজ!
বার্তা ডেস্কঃ
September 5, 202612:18 pm
নয়াদিল্লি: ধুঁকতে থাকা উত্তরবঙ্গের চা শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবার যৌথ উদ্যোগ নিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। দীর্ঘ তিন দশকে দার্জিলিং, তরাই এবং ডুয়ার্সের চা উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে একটি দীর্ঘমেয়াদি আর্থিক প্যাকেজ দেওয়ার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
পরিসংখ্যান অনুযায়ী, নব্বইয়ের দশকে উত্তরবঙ্গে বার্ষিক গড় চা উৎপাদন ছিল প্রায় ১৪.৪৯ মিলিয়ন কেজি। তবে ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫.৬০ মিলিয়ন কেজিতে—অর্থাৎ উৎপাদনে পতন ঘটেছে প্রায় ৬১ শতাংশ। এই সংকট কাটাতে ‘ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন’ (আইটিএ)-এর পক্ষ থেকে বার্ষিক ১১৩ কোটি টাকার একটি আর্থিক প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের পাশাপাশি সেই প্রস্তাবের প্রতিলিপি এখন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছেও এসে পৌঁছেছে।
চা বাগানগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা করতে দার্জিলিং, তরাই ও ডুয়ার্স পরিদর্শনে যেতে পারে একটি উচ্চপর্যায়ের যৌথ প্রতিনিধি দল। এই দলে কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য, পর্যটন ও অর্থ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি রাজ্য প্রশাসনের প্রতিনিধিরাও থাকবেন। মাঠপর্যায়ের পরিদর্শন শেষে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে এই উদ্ধারকারী প্যাকেজ। চলতি অর্থবর্ষের মধ্যেই এই রূপরেখা বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে।