নর্দমার নোংরা জলে বিষাক্ত রান্নার কারবার, পুজোয় ১৬টি দোকান সিল করল প্রশাসন!
September 5, 2026
বার্তা ডেস্কঃ
September 5, 202612:11 pm
উৎসবের মরসুমের আগে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে খাদ্যপণ্যের মান বজায় রাখতে রাজ্যজুড়ে নজিরবিহীন অভিযানে নেমেছে প্রশাসন। ১ থেকে ৭ সেপ্টেম্বর পালিত হতে থাকা ‘বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ’-এর অংশ হিসেবে প্রথম তিন দিনেই (১-৩ সেপ্টেম্বর) রাজ্যজুড়ে ২,৩৩৭টি প্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শন চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। এর মধ্যে ২,০৫৬টি জায়গাতেই চরম গাফিলতি ও অনিয়মের হদিস মিলেছে।
অভিযানের তিন দিনের পরিসংখ্যান ও কড়া পদক্ষেপ:
- পরিদর্শনের পরিধি: ৩ দিনে মোট ২,৩৩৭টি দোকানে অভিযান চালানো হয় (১ সেপ্টেম্বর ৯০৬টি, ২ সেপ্টেম্বর ৮২৪টি এবং ৩ সেপ্টেম্বর ৬০৭টি)।
- নমুনা পরীক্ষা: পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ১,২৭৭টি খাবারের নমুনা।
- আইনি ও প্রশাসনিক অ্যাকশন: অনিয়মের অভিযোগে ১৭টি প্রতিষ্ঠান সিল বা বন্ধ করা হয়েছে, ১৬টির বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, ৫টির লাইসেন্স বাতিল বা স্থগিত করা হয়েছে এবং ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি মামলা রুজু হয়েছে।
- সংশোধনমূলক পরামর্শ: ২,০৩৯টি খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানে উন্মোচিত যেসব চাঞ্চল্যকর তথ্য:
- উত্তর ২৪ পরগনা (অশোকনগর): ‘দুধঘর’ নামক একটি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক পরীক্ষায় হলুদ গুঁড়োয় ক্ষতিকর কেমিক্যাল ‘মেটালিন ইয়েলো’ এবং কামধেনু ফুড কালার পাওয়া যায়। লাইসেন্সহীন ও চরম নোংরা পরিবেশের জন্য পুলিশ দোকানটি সিল করে দিয়েছে।
- মালদহ: শহরের একটি নামী ‘হায়দরাবাদি বিরিয়ানি’ দোকানে দেখা যায় খোলা নর্দমার ওপর তৈরি হচ্ছে খাবার! ছিল না কোনও বৈধ কাগজপত্র। এছাড়া ‘টেস্টি ফুড প্রোডাক্ট’ (কেক তৈরির কারখানা) এবং ‘পিওর বুন্দ’ ও ‘পাইলট জল’ নামক দুটি পানীয় জল প্রস্তুতকারী সংস্থায় স্বাস্থ্যবিধি না মানা ও লাইসেন্স না থাকায় বিক্রি নিষিদ্ধ করা হয়।
- হুগলি: জেলা এনফোর্সমেন্ট শাখা পুইনানের পানীয় জল প্রস্তুতকারী সংস্থা ‘নুর এন্টারপ্রাইজ’-কে ভুল তথ্য দেওয়ার অভিযোগে বন্ধ করে দিয়েছে।
- নদিয়া: কালীগঞ্জের ‘তারা মা হোটেল’ ও চাপড়ার ‘জনপ্রিয়া হোটেল’-এ লাইসেন্স ও জল পরীক্ষার রিপোর্ট না থাকা, পোকা-মাকড় নিয়ন্ত্রণ না করা এবং অস্বাস্থ্যকর বাসনে খাবার পরিবেশনের কারণে পুলিশ দুটি দোকানই বন্ধ করে দেয়।
- পশ্চিম বর্ধমান: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি না মানায় ৭টি খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের থালায় নিরাপদ খাবার পৌঁছে দিতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিদর্শন ও কড়া নজরদারি অবিরাম চলবে।