স্টপেজে বাস না থামলেই কড়া ব্যবস্থা, যাত্রী ভোগান্তিতে বড় পদক্ষেপ রাজ্যের!
বার্তা ডেস্কঃ
September 5, 202612:33 pm
ক্ষমতায় এসেই মহিলাদের জন্য বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে করেছে সরকার। তবে অভিযোগ উঠেছে, স্টপেজে মহিলাদের দাঁড়িয়ে থাকতে দেখলেও অনেক বাসই থামছে না, দ্রুত পার হয়ে যাচ্ছে। যাত্রী ভোগান্তি শেষ করতে এবার অভিযোগ জানানোর সরাসরি মাধ্যম চালু করল পরিবহন দফতর। পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, যাত্রী পরিষেবা আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে রাজ্যজুড়ে বিশেষ কন্ট্রোল রুম এবং জরুরি নম্বর চালু করা হয়েছে। বাস না থামা থেকে শুরু করে গণপরিবহণের যেকোনো অনিয়মে যাত্রীরা এখন সরাসরি এসব নম্বরে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন।
যাত্রী সুবিধার পাশাপাশি পরিবহন খাতে বেশ কিছু প্রশাসনিক সংস্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রাজ্যে বাস রুট বাড়িয়ে পরিষেবা আরও শক্তিশালী করার উদ্যোগের পাশাপাশি নিয়ন্ত্রণ আনা হচ্ছে ই-রিকশা ও অ্যাপ-ক্যাবের ভাড়ায়। অটো ও ৯ সিটের গাড়িকে নতুন করে পারমিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে, বকেয়া ট্যাক্স আদায়ে কঠোর অবস্থান নিয়ে ‘বাহন’ ডেটাবেস অনুযায়ী বকেয়া থাকা ৩,৬২,৬২২টি গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে দফতর। আইন লঙ্ঘন ও বকেয়া ট্যাক্স না মেটানো গাড়িগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।