পড়ুয়ার কপালে চন্দনের তিলক মোছানোর শাস্তি, সাসপেন্ড নামী স্কুলের শিক্ষিকা!
বার্তা ডেস্কঃ
September 5, 202612:33 pm
কলকাতার হলি মিশন ইংলিশ মিডিয়াম স্কুলের এক খুদে পড়ুয়ার কপালে চন্দনের তিলক জোর করে মুছিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে নেওয়া হলো চরম ব্যবস্থা। জানা গেছে, স্কুলে কপালে তিলক কেটে আসায় দিনের পর দিন ওই পড়ুয়াকে মানসিক নির্যাতন ও মুখ ধুইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। বিষয়টি নজর এড়ায়নি প্রশাসনেরও। শেষমেশ মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপর মাধ্যমে এই সংবেদনশীল বিষয়ে কড়া পদক্ষেপ নিশ্চিত করেছেন।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেন যে, সংশ্লিষ্ট মিশনারিজ স্কুলের ওই অভিযুক্ত শিক্ষিকাকে ইতিমধ্যেই কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। একই সাথে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার দায়ে বিকাশ ভবনের এক সরকারি কর্মীকেও সাসপেন্ড করার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে জানান, কোনো সাংবিধানিক পদাধিকারীকে অপমান করা কিংবা কোনো পড়ুয়ার ওপর ধর্মীয় বা ব্যক্তিগত অবমাননা বরদাস্ত করা হবে না।