পুজোর আগেই সুখবর, পুলিশের পকেটে ঢুকছে ৬২ কোটির সাম্মানিক!
বার্তা ডেস্কঃ
September 5, 202611:34 am
দুর্গাপুজোর আমেজ শুরু হওয়ার আগেই রাজ্যের পুলিশকর্মীদের জন্য এল বিরাট সুখবর। বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মীদের এককালীন সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই বাবদ মোট ৬২ কোটি ৫৫ লক্ষ ৯০ হাজার ৬৫০ টাকা মঞ্জুর করা হয়েছে। নবান্নের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
তবে এই অর্থ কোনো নতুন ডিএ (DA) বৃদ্ধি বা বেতন কমিশন সংক্রান্ত নয়। বিধানসভা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং এলাকা শান্ত রাখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে সামলেছিলেন পুলিশকর্মীরা। তাঁদের সেই কঠোর পরিশ্রমে স্বীকৃতি জানাতেই এই সাম্মানিক অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের মূল নজর যেখানে ডিএ বৃদ্ধির দিকে, ঠিক তার মাঝেই পুজোর মুখে পুলিশ কর্মীদের জন্য এই বড় ঘোষণা নিঃসন্দেহে তাঁদের বাড়তি আনন্দ ও স্বস্তি দেবে। উৎসবে নামার আগেই এককালীন এই অর্থ পৌঁছে যাবে সংশ্লিষ্ট কর্মীদের হাতে।