নৈহাটিতে থামল দার্জিলিং মেল! একরত্তির কান্নায় জয়ী রেলের মানবিকতা

বার্তা ডেস্কঃ

ফরাক্কায় ধসের কারণে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ায় প্রায় ৮ ঘণ্টা বিলম্বে চলছিল শিয়ালদহগামী দার্জিলিং মেল। ট্রেনটি রুট পরিবর্তন করে ঘুরপথে চলার সময় এক অনন্য মানবিকতার নজির গড়ল ভারতীয় রেল। ক্ষিদেয় কান্নাকাটি করা এক শিশুর মুখে দুধ পৌঁছে দিতে নির্ধারিত স্টপেজ না থাকা সত্ত্বেও নৈহাটি স্টেশনে জরুরি সিগন্যাল দিয়ে থামানো হলো এই প্রিমিয়াম ট্রেনটিকে।

ঘটনার সূত্রপাত কিশানগঞ্জ স্টেশনে। সন্তানকে নিয়ে দার্জিলিং মেলের ‘A2’ এসি কামরায় উঠেছিলেন এক মহিলা যাত্রী। মালদহের পর ট্রেনটির রুট বদলে যাওয়ায় বিপাকে পড়েন তিনি, কারণ পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্য কোনো স্টেশন থেকে বাচ্চার জন্য দুধ সংগ্রহ করা আর সম্ভব হচ্ছিল না। উপায় না পেয়ে ওই মহিলা উত্তরপ্রদেশে থাকা তাঁর স্বামী আজগার আলিকে বিষয়টি জানান। আজগার আলি সঙ্গে সঙ্গে ভারতীয় রেলের ‘রেল মদত’ (Rail Madad) অ্যাপে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে সাহায্যের আবেদন জানান।

খবরটি শিয়ালদহের কমার্শিয়াল কন্ট্রোল রুম থেকে দ্রুত ডিআরএম-এর নজরে আনা হয় এবং রেল প্রশাসন তৎপর হয়ে ওঠে। ব্যান্ডেল স্টেশনে ভিড়ের কারণে প্রথমে ওই মহিলাকে খুঁজে পাওয়া না গেলেও হাল ছাড়েননি রেলকর্মীরা। এরপর ট্রেনটি নৈহাটি পৌঁছলে জরুরি সিগন্যাল দিয়ে অনির্ধারিত স্টপেজে ট্রেন থামানো হয় এবং রেলকর্মীরা কামড়ায় গিয়ে ওই মায়ের হাতে শিশুর দুধের বোতল তুলে দেন।

রেল প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে চরম স্বস্তি পায় পরিবারটি। দীর্ঘ সফর শেষে দুপুর ১টা ৪৩ মিনিটে দার্জিলিং মেল নিরাপদে শিয়ালদহে পৌঁছলেও, রেলের এই মানবিক মুখই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *