ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ, প্লাবনের আশঙ্কায় আতঙ্কে ১৫ গ্রাম!
বার্তা ডেস্কঃ
আশঙ্কাই সত্যি হলো। নিম্নচাপের টানা বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে ফের ভয়াবহ রূপ নিল বীরভূমের লাভপুরের পরিস্থিতি। বুধবার রাত প্রায় নয়টার দিকে কুয়ে নদীর বাঁধ ভেঙে লাভপুর ব্লকের জামনা ও ঠিবা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালেও ঠিক একই জায়গায় কুয়ে নদীর বাঁধ ভেঙেছিল। মাত্র সাত মাস আগে সেই বাঁধ মেরামত করা হলেও, এত কম সময়ের মধ্যে তা আবার ভেঙে যাওয়ায় সংস্কারের কাজের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অপরিকল্পিত ও জোড়াতালি দিয়ে কাজ করার কারণেই এই বিপত্তি।
পরিস্থিতির অবনতি হওয়ায় জামনা ও ঠিবা অঞ্চলের প্রায় ১৫টি গ্রামে জল ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে লাভপুরের সঙ্গে বাঘসিনা, জয়চন্দ্রপুর, খাঁপুর ও চতুর্ভুজপুরসহ একাধিক গ্রামের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই কাঁদরকুলা থেকে বাঘসিনা যাওয়ার রাস্তা সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ায় সেটিকে বিপজ্জনক ঘোষণা করে যাতায়াত বন্ধ করে দিয়েছে পুলিশ এবং নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। নতুন করে এই প্লাবনের ঘটনায় এলাকার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।