দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘনঘটা, আজ কলকাতায় কি ভারী বৃষ্টির তাণ্ডব?

বার্তা ডেস্কঃ

বর্ষার মরশুমে ফের বদলাতে শুরু করেছে আবহাওয়ার মেজাজ। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের ওপর অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি কিছুটা দুর্বল হলেও একই জায়গায় স্থির রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপটি খুব একটা সরবে না। এর সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা দক্ষিণ দিকে হেলে বিস্তৃত থাকায় মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

বর্তমানে মৌসুমি অক্ষরেখাটি বাঁকুড়ার ওপর দিয়ে পূর্ব দিকে ত্রিপুরার দিকে বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ হরিয়ানা থেকে দক্ষিণ আসাম এবং দক্ষিণ গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত আরও দুটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলকে অতিক্রম করেছে। একাধিক বায়ুমণ্ডলীয় অক্ষরেখা ও নিম্নচাপের যৌথ প্রভাবে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উত্তর-পূর্ব ভারতে বর্ষার সক্রিয়তা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

এর সরাসরি প্রভাব পড়তে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন মধ্যপ্রদেশের পাশাপাশি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *