সিউড়িতে ‘পাথরসম্রাট’ টুলুর বাড়িতে পুলিশের হানা, তোলপাড় গোটা এলাকা!

বার্তা ডেস্কঃ

বীরভূমের আলোচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সন্ধানে তদন্ত আরও জোরদার করেছে জেলা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সিউড়ির একটি বাড়িতে অভিযান চালান পুলিশ আধিকারিকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীদের নজরে থাকা ওই বাড়িটির মালিক টুলু মণ্ডল নিজেই এবং সেখানে তাঁর এক ম্যানেজার বসবাস করেন। পুলিশের দাবি, ছোটন নামের ওই ম্যানেজারের খোঁজেই মূলত এই তল্লাশি চালানো হয়েছে।

দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকা টুলু মণ্ডলের এখনও পর্যন্ত কোনো হদিস মেলেনি। হিসাববহির্ভূত বিপুল সম্পত্তি, আত্মীয়ের বাড়ি থেকে নগদ টাকা ও সোনা উদ্ধার এবং বীরভূমে সংগঠিত অপরাধের সঙ্গে যোগ থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর আগে টুলুর এক আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ ও ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মিনার গ্রেফতার হলেও মূল অভিযুক্ত টুলু এখনও অধরা।

আইনি লড়াইয়েও স্বস্তি পাননি টুলু মণ্ডল। গ্রেফতারি এড়াতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়ার বিরুদ্ধে আবেদন করলেও, শেষ পর্যন্ত তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়। বর্তমানে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি ইন্টারপোলের ‘রেড কর্নার নোটিস’ও জারি করা হয়েছে। সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। অন্যথায় তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে গণ্য করা হতে পারে। এই পরিস্থিতিতে টুলুর খোঁজে তল্লাশি আরও তীব্র করেছে বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতের এই অভিযানে পুলিশের হাতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নথি আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *