পদ্মার ইলিশ নিয়ে জালিয়াতি! বনগাঁর বাজারে ধরা পড়ল আসল রহস্য
বার্তা ডেস্কঃ
দেশি ইলিশকেই ‘পদ্মার মাছ’ বলে চালিয়ে মোটা দামে বিক্রি করছিলেন বনগাঁ নিউ মার্কেটের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। কিন্তু সংবাদমাধ্যমে এই প্রতারণার খবর প্রকাশ্যে আসতেই ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেল গোটা বাজারের চিত্র। শুক্রবার বাজারে ইলিশ বিকিয়েছে ঠিকই, তবে রাতারাতি বদলে গেছে তার ‘নাগরিকত্ব’। বাংলাদেশি নয়, সততার সাথে ভারতীয় ইলিশ পরিচয়েই তা বিক্রি করছেন ব্যবসায়ীরা, যার ফলে দামও কমেছে অনেকটাই।
পদ্মার ইলিশের প্রতি বাঙালির চিরন্তন দুর্বলতাকে পুঁজি করে এতদিন বাজার গরম করে রেখেছিলেন ব্যবসায়ীরা। বাজারে হাঁকডাঁকের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও চালাচ্ছিলেন দেদার প্রচার। ওড়িশা, মহারাষ্ট্র কিংবা গুজরাটের ইলিশকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে কেজি প্রতি ২২০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছিল। কিন্তু চড়া দামে কিনে বাড়িতে এনে ঝোল বা ভাপা বানাতেই উন্মোচিত হচ্ছিল আসল সত্য—গায়ে ছিল না পদ্মার মাছের চেনা গন্ধ বা স্বাদ।
বাস্তব চিত্র বলছে, ২০২৫ সালের দুর্গাপুজোর আগে শেষবারের মতো বাংলাদেশ থেকে ভারতে ইলিশ এসেছিল। তারপর থেকে এই দেশে আর পদ্মার মাছ ঢোকেনি। বাজারে আসা প্রতারিত ক্রেতা দীপঙ্কর সাঁতরা আক্ষেপ করে বলেন, “ব্যবসায়ীদের প্রচার দেখে ভরসা করে মাছ কিনেছিলাম। কিন্তু খাওয়ার পরই বুঝি ঠকেছি।”
হিলশা ফিস অ্যাসোসিয়েশনের সদস্য গৌতম সাহা স্পষ্ট জানান, “গত বছরের পর দেশ থেকে কোনো ইলিশ আমদানি হয়নি। এত দিন পর বনগাঁর বাজারে সেই মাছ থাকা কোনোভাবেই সম্ভব নয়।” খবরের প্রভাবে সচেতনতা আসায় অবশেষে মিথ্যা প্রচার বন্ধ করেছেন ব্যবসায়ীরা। পদ্মার ভুয়া তকমা ছাড়াই এখন ন্যায্য দামে বিক্রি হচ্ছে ভারতীয় ইলিশ।