শিক্ষক দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, বিজেপি ও শুভেন্দুকে তুলোধনা!
বার্তা ডেস্কঃ
শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে শাসক দল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর একটি সভা থেকে বিজেপিকে ‘নীতিহীন, রুচিহীন ও সংস্কৃতিহীন’ বলে তোপ দাগার পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে তাঁর জমানার উন্নয়নমূলক কাজের হিসেবও তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সকালে নিউ টাউনে শিক্ষক দিবসের এক কর্মসূচিতে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে শুধুই দুর্নীতি হয়েছে, কোনও কাজ হয়নি। বিকেলে তারই পাল্টা জবাবে আবেগপ্রবণ সুর চড়িয়ে মমতা বলেন, “আজ শিক্ষাগুরুরা চরম বঞ্চিত, লাঞ্ছিত ও আসাম্মানিত।” নিজের শাসনকালের সাফল্য মনে করিয়ে দিয়ে তিনি জানান, তাঁর নির্দেশে বিধায়ক ও সাংসদদের এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রচুর স্কুল ভবন, সিসিটিভি পরিকাঠামো এবং অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছিল। বর্তমান সরকারের উদ্দেশ্যে তাঁর বার্তা, নতুন করে প্রচার না সর্বস্ব হয়ে আগের তৈরি পরিকাঠামোগুলির সঠিক রক্ষণাবেক্ষণ করলেই শিক্ষার উন্নতি সম্ভব।
বক্তব্যের মাঝেই রাজ্য সরকারের প্রশাসনিক ও প্রচার নীতি নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা। নন্দনের অভ্যন্তরে অনুষ্ঠানের জন্য চত্বরজুড়ে উচ্চশব্দে মাইক বাজানোর সমালোচনা করে তিনি বলেন, বিজেপি একটি নীতিহীন, রুচিহীন, ভাষাহীন ও সংস্কৃতিহীন দল, যাদের বাংলার সংস্কৃতি বা সম্প্রীতি সম্পর্কে কোনও সম্যক ধারণা নেই।
শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বর্তমান সরকারের হকার উচ্ছেদ অভিযান এবং ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো জনকল্যাণমুখী প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কোনো বিকল্প রুজিরুটির ব্যবস্থা না করে গরিব মানুষের দোকান ভেঙে দেওয়া এবং নারীদের আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত করার নীতিকে জনবিরোধী বলে আখ্যা দেন তৃণমূল নেত্রী।