সুমিতের বাড়িতে ফের পুলিশি হানা, আবারও তলব অভিষেকের আপ্তসহায়ককে!
বার্তা ডেস্কঃ
ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তির ঘটনায় ফের তৎপর পুলিশ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে দ্বিতীয় বার তলব করল শেক্সপিয়র সরণি থানা। শনিবার বিকেলে সুমিতের বাড়িতে গিয়ে সমনের নোটিস ধরিয়ে দেওয়া হয়। আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবারও এই একই ঘটনার জেরে শেক্সপিয়র সরণি থানায় গিয়েছিলেন সুমিত। সেখানে টানা কয়েক ঘণ্টা জেরার মুখোমুখি হন তিনি। তবে থানা থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়লেও কোনও মন্তব্য করেননি।
ঘটনার সূত্রপাত গত ২৭ অগস্ট। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি ‘অবৈধ’ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকা বিলবোর্ড সরাতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। অভিযোগ, পুরকর্মীরা কাজে হাত দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা বাধা দেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছালে সরকারি কর্মীদের ওপর চড়াও হওয়া এবং মহিলা পুলিশকর্মীদের হেনস্থা ও শ্লীলতাহানির চেষ্টার মতো গুরুতর অভিযোগ ওঠে।
এই ঘটনায় পুরসভা ও পুলিশ প্রশাসনের তরফে শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। মামলার এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুমিত রায় এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। সেই তদন্তের সূত্র ধরেই সুমিতকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল পুলিশ।