কলকাতাসহ রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, সতর্ক থাকুন সবাই!
বার্তা ডেস্কঃ
রাজ্যজুড়ে ফের বৃষ্টির দাপট বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর কয়েক দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বজায় থাকবে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় শহরে ১৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে IMD।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় দু-এক জায়গায় ভারী বর্ষণের (৭-১১ সেমি) পূর্বাভাস রয়েছে।