সততার অনন্য নজির! ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফিরিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কন্ডাক্টর

বার্তা ডেস্কঃ

তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (TGSRTC) এক বাস কন্ডাক্টরের অনন্য সততা মন জয় করে নিল সকলের। বাসে এক দম্পতির ফেলে যাওয়া প্রায় ৩ লক্ষ টাকা সযত্নে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সারিতা নামে ওই কন্ডাক্টর। খোদ রাজ্যের পরিবহনমন্ত্রী পোনাম প্রভাকর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই কর্মীর ভূয়সী প্রশংসা করেছেন।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার শাদনগরে। সেখানকার বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা হয়ে হায়দরাবাদগামী একটি বাসে ওঠেন। যাত্রাপথে অসাবধানতাবশত হজের খরচের জন্য সঙ্গে রাখা ৩ লক্ষ টাকার ব্যাগটি বাসেই ফেলে যান তাঁরা। ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি টের পেতেই আতঙ্কিত জাহাঙ্গীর দ্রুত বাসস্ট্যান্ডে ফিরে আসেন।

অন্যদিকে, ডিউটিতে থাকা কন্ডাক্টর সারিতা বাসের ভেতরে লাওয়ারিশ ব্যাগটি দেখতে পেয়েই চালক নরসিংহুলুকে জানান। দুই কর্মী মিলে ব্যাগটি সুরক্ষিত রেখে দেন। জাহাঙ্গীর বাসস্ট্যান্ডে পৌঁছালে, যথাযথ সত্যতা যাচাই করে ৩ লক্ষ টাকা অক্ষত অবস্থায় তাঁর হাতে তুলে দেন সারিতা ও নরসিংহুলু।

কোনো স্বার্থ ছাড়া এই বিপুল অর্থ ফিরিয়ে দেওয়ায় টিজিএসআরটিসি-র এই দুই কর্মীর প্রশংসায় পঞ্চমুখ সবাই। তেলেঙ্গানার পরিবহনমন্ত্রী পোনাম প্রভাকর সোশ্যাল মিডিয়ায় কন্ডাক্টর সারিতার সততার প্রশংসা করে লেখেন, “গণপরিবহন সংস্থায় দায়িত্ব পালনের সময় এমন নিষ্ঠা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। আরটিসি-র কর্মীরা প্রতিদিন আন্তরিকতার সঙ্গেই মানুষের সেবা করেন। সারিতার এই সততা ও মানবিকতা প্রতিষ্ঠানের সুনাম বাড়াবে এবং অন্য কর্মীদেরও অনুপ্রাণিত করবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *