বোনকে বকুনির বদলা, স্কুলে ঢুকে শিক্ষিকাকে মারধর দিদির!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গার্লস হাইস্কুলে এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্কুলে অনিয়মিত হওয়া একাদশ শ্রেণির এক ছাত্রীকে শিক্ষিকারা সতর্ক করায়, স্কুলে এসে শিক্ষকদের ওপর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল ওই ছাত্রীর দিদির বিরুদ্ধে। অভিযুক্ত তরুণী নিজেও ওই স্কুলের প্রাক্তনী। শিক্ষিকাকে মারধর এবং ইট উঁচিয়ে তাড়া করার ঘটনায় গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণির ওই ছাত্রী চলতি শিক্ষাবর্ষে মাত্র দুই থেকে তিন দিন ক্লাসে এসেছিল। এই অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষিকারা তাকে নিয়ম মেনে সতর্ক করেছিলেন। অভিযোগ, এর পরই মঙ্গলবার স্কুলে গিয়ে ইংরেজির শিক্ষিকার ওপর চড়াও হন ওই ছাত্রীর দিদি। বোনকে নাকি ‘ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি’ দেওয়া হয়েছে— এই অভিযোগে তিনি স্কুলে তাণ্ডব শুরু করেন। সেই ঘটনার ভিডিও রেকর্ড করতে গেলে অন্য এক শিক্ষিকাকেও মারধর করা হয় এবং ইট দিয়ে আঘাত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার পর থেকে পুরো স্কুলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং শিক্ষিকারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাধারণ ছাত্রীদের একাংশ অভিযুক্ত ছাত্রীকে অবিলম্বে স্কুল থেকে বহিস্কারের দাবি জানিয়েছে। তবে ওই ছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে তার বিরুদ্ধে সরাসরি এফআইআর না করে থানায় কেবল সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছাত্রী ও তার পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছে, তাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *