সামরিক শক্তি বাড়াতে একজোট ভারত ও মরক্কো, ইতিহাস গড়ল নয়াদিল্লি!
বার্তা ডেস্কঃ
নয়াদিল্লি: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করতে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হলো ভারত ও মরক্কোর প্রথম ‘যৌথ প্রতিরক্ষা কমিটি’ (Joint Defence Committee)-র প্রাতিষ্ঠানিক বৈঠক। সাইবার প্রতিরক্ষা, সামরিক প্রশিক্ষণ, যৌথ সেনামহড়া এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে দুই দেশ। ২০২৭ সালে ভারত ও মরক্কোর কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হতে চলেছে, তার আগেই এই বৈঠক দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিল।
গত ৭ সেপ্টেম্বর চারদিনের সরকারি সফরে ভারতে আসে মরক্কোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতার যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং মরোক্কান রয়্যাল আর্মড ফোর্সেসের দ্বিতীয় ব্যুরোর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল্লাহ আথমানি। বৈঠকে ভারতের তরফে প্রতিরক্ষা মন্ত্রক, তিন সেনা শাখা, ডিফেন্স প্রোডাকশন বিভাগ, ডিআরডিও এবং বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সফরের শুরুতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্রিগেডিয়ার জেনারেল আথমানি। ভারতের দ্রুত বিকাশমান প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা সরেজমিনে দেখতে ডিপিএসইউ (DPSU) ভবনে ভারতীয় প্রতিরক্ষা প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গেও বৈঠক করে মরক্কোর প্রতিনিধি দল। সেখানে প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ উৎপাদন এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হয়। এছাড়া ভারতের উন্নত সামরিক চিকিৎসা ব্যবস্থার অভিজ্ঞতা নিতে দলটি আর্মি হসপিটাল (রিসার্চ অ্যান্ড রেফারেল) পরিদর্শন করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মরক্কো সফরের সময় দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হয়েছিল। সেই সমঝোতার ভিত্তিতেই এই যৌথ প্রাতিষ্ঠানিক বৈঠক আয়োজিত হলো।