পুজোর আগেই কলকাতার ৯১৯টি গেস্ট হাউস বন্ধের নির্দেশ, বড় বিপাকে পর্যটকরা!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুম শুরুর ঠিক আগেই শহরের হোটেল ও গেস্ট হাউসগুলির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। নিউমার্কেট এলাকার সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনার পর শহরজুড়ে ট্রেড লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ সমীক্ষা চালায় পুর প্রশাসন। গত সোমবার পর্যন্ত শহরের ৯৬০টি গেস্ট হাউসে সমীক্ষা চালিয়ে ৯১৯টিকেই বন্ধের (Close Notice) নোটিস ধরানো হয়েছে। পুজোর মুখে পুরসভার এই কড়াকড়িতে চরম অস্বস্তিতে পড়েছেন শহরের ব্যবসায়ী ও পর্যটকরা।
কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানান, চিহ্নিত গেস্ট হাউসগুলির সিংহভাগেরই অগ্নিনির্বাপণ ব্যবস্থায় মারাত্মক ত্রুটি রয়েছে এবং অনেক হোটেল বৈধ ট্রেড লাইসেন্স ছাড়াই চলছিল। অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত। তবে উৎসবের মরশুমের কথা বিবেচনা করে শর্তসাপেক্ষে ছাড়ের সুযোগ রাখা হয়েছে—পরিকাঠামো ত্রুটিমুক্ত করে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন জানালে পুনরায় হোটেল খোলার অনুমতি দেবে পুরসভা। উল্লেখ্য, নিউমার্কেটের ঘটনায় শোকজের সন্তোষজনক জবাব না মেলায় ইতিমধ্যেই ১১টি হোটেল বন্ধ করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
একদিকে পুরসভার এই অভিযান, অন্যদিকে রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের ব্যাপক নজরদারিতে তিলোত্তমার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে তীব্র শোরগোল তৈরি হয়েছে। রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা দপ্তর ৫,৪৩৯টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪,৭২২টিতেই গুরুতর অনিয়ম পেয়েছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও ভেজালের সন্দেহে ২,৭৫৮টি খাদ্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চরম গাফিলতির কারণে তাৎক্ষণিকভাবে ৯৮টি প্রতিষ্ঠানের পণ্য বিক্রি বন্ধ, ৩৫টির লাইসেন্স বাতিল বা স্থগিত, ৮০টি দোকান সিল এবং ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি মামলা রুজু করা হয়েছে।