মোদী সরকারে আসছে ভারতের প্রথম বুলেট ট্রেন, উদ্বোধন কবে!
বার্তা ডেস্কঃ
দেশের দ্রুতগতির রেল পরিষেবায় এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম বুলেট ট্রেনের বডি ফ্রেম তৈরির কাজ সফলভাবে শেষ হয়েছে। বরোদায় আয়োজিত ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বর্তমানে এই হাই-স্পিড ট্রেনের বডি ফ্রেমটিকে কঠিন ‘স্ টেস্ট’-এর (Squeeze Test) মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রেলমন্ত্রী জানান, নির্ধারিত সূচি অনুযায়ী মে বা জুন মাসের মধ্যেই ট্রেনটি পরীক্ষামূলকভাবে ট্র্যাকে নামানো হবে। এরপর প্রায় চার মাস ধরে বিভিন্ন পর্যায়ে চলবে কঠোর ট্রায়াল। সমস্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এই ভারতীয় প্রযুক্তি নির্ভর বুলেট ট্রেন চালু হলে বরোদা ও মুম্বইয়ের মধ্যে যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমে আসবে। যাত্রীরা মাত্র দেড় ঘণ্টার মধ্যেই এই দুই শহরের দূরত্ব অতিক্রম করতে পারবেন। উল্লেখ্য, এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।