মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে ঢুকে পড়ল গাড়ি, উত্তরকন্যায় নিরাপত্তার চরম গলদ!

বার্তা ডেস্কঃ

উত্তরকন্যা: উত্তরকন্যায় বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে হঠাৎ একটি গাড়ি ঢুকে পড়াকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি হলো। কড়া ত্রিস্তরীয় নিরাপত্তাবেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে একটি গাড়ি সরাসরি হেলিপ্যাডের ভেতরে প্রবেশ করল, তা নিয়ে ভিআইপি নিরাপত্তাব্যবস্থার বড়সড় গাফিলতি সামনে এসেছে। এই ঘটনার উত্তেজনায় শেষ পর্যন্ত হেলিকপ্টার ছেড়ে সড়কপথেই বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাবগ্রাম-ফুলবাড়ির প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে বাপি রায় কাঁচের ওপর ‘আর্মি’ লেখা একটি গাড়ি চালিয়ে সুরক্ষাবলয় ভেঙে হেলিপ্যাডের ভেতরে ঢুকে পড়েন। সেই সময় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকা বিজেপি কর্মী-সমর্থকেরা গাড়িটি ঘিরে ধরে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ গাড়িটি সরানোর চেষ্টা করলে এক কর্মী বাঁশ দিয়ে সেটির পেছনে আঘাত করেন বলে অভিযোগ। এর পরপরই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রী উত্তরকন্যা ছাড়ার আগেই হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে যাওয়া হয় এবং তিনি গাড়ি করে বিমানবন্দর পাড়ি দেন।

অন্যদিকে, খারাপ আবহাওয়ার কারণে সরাসরি উপস্থিত হতে না পেরে কালিম্পং জেলার একাধিক উন্নয়নমূলক কর্মসূচি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পাহাড় ও চা বাগান অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বন্ধ ও সমস্যাগ্রস্ত চা বাগানগুলির স্থায়ী সমাধানে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আসামের আদলে রাজ্যেও ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা ২০২১’ পুরোদমে রূপায়ণ করা হবে, যার জন্য পাহাড় ও তরাই অঞ্চলের চা বাগানগুলির পরিকাঠামো উন্নয়নে ৩২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, আসন্ন দুর্গাপূজা, দীপাবলি ও ভাইফোঁটার মতো উৎসবের আগেই চা শ্রমিকেরা যাতে ২০ শতাংশ বোনাস পান, সে বিষয়ে শ্রম দপ্তর থেকে উপযুক্ত নির্দেশিকা জারির ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *