মা কালী পাঁঠা খাবেন! বাগেশ্বর বাবাকে তীব্র ভর্ৎসনা দিলীপ ঘোষের
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর আবহেই রাজ্য রাজনীতিতে তুঙ্গে ‘আমিষ-নিরামিষ’ বিতর্ক। মধ্যপ্রদেশের বিতর্কিত সাধু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে ‘বাগেশ্বর বাবা’-র এক মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় সামাজিক ও রাজনৈতিক মহল। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন, দুর্গাপুজোর দিনগুলিতে আমিষ গ্রহণকারীরা ‘পাখণ্ডী’ বা অধার্মিক। পুজোয় বাঙালির আমিষ খাওয়ার অভ্যাসে ক্ষোভ প্রকাশ করে সবাইকে নিরামিষ আহারের আহ্বান জানান তিনি।
বাগেশ্বর বাবার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার নিউটাউনের ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, খাদ্যাভ্যাস সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার এবং এতে কোনো জোরাজুরি চলতে পারে না। বাগেশ্বর বাবার দরবারে যাওয়া লক্ষ লক্ষ ভক্তের সবাই নিরামিষাশী কি না—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বাংলার নিজস্ব সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়ে স্বামী বিবেকানন্দের বিখ্যাত বাণী উদ্ধৃত করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “যতদিন দেশ থাকবে, মা কালী পাঁঠা খাবেন আর শিব ডমরু বাজাবেন।” বাংলায় পুজোয় পাঁঠাবলি ও প্রসাদ হিসেবে মাংস গ্রহণের দীর্ঘ ঐতিহ্য রয়েছে উল্লেখ করে তিনি জানান, পুজোয় আমিষ খাওয়া নিয়ে বিতর্কের কোনো ভিত্তি নেই।
একই সুরে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও স্পষ্ট করে দেন, পুজোয় বঙ্গবাসী কী খাবেন তা সম্পূর্ণ তাঁদের নিজেদের সিদ্ধান্ত। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মুখে খাবারের টেবিল নিয়ে শুরু হওয়া এই তর্ক এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয়।