অবশেষে সুখবর! ডাক্তারদের অবসরের বয়স বাড়িয়ে মেগা সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের!
বার্তা ডেস্কঃ
September 9, 202611:33 am
উত্তরপ্রদেশের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত ও গতিশীল করতে এক দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যে অভিজ্ঞ চিকিৎসকদের ঘাটতি মেটাতে অবসরের পর পুনর্নিয়োগের মাধ্যমে তাঁদের পরিষেবা অব্যাহত রাখার সুযোগ দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত সরকারি চিকিৎসকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর থাকলেও, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের নির্দেশ অনুযায়ী প্রবীণ চিকিৎসকেরা এবার ৭০ বছর বয়স পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে যেতে পারবেন।
রাজ্যের সরকারি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (PHC) এবং কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে (CHC) প্রতিদিন আসা বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সুনিশ্চিত করতেই এই ব্যবস্থা। ‘প্রাদেশিক চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা’ ক্যাডারের দক্ষ ও অভিজ্ঞ ডাক্তারদের দীর্ঘ কর্মঅভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশেষ করে গ্রামীণ এলাকার স্বাস্থ্য ব্যবস্থায় নতুন গতি আনার পরিকল্পনা করা হয়েছে।
উপ-মুখ্যমন্ত্রীর আদেশে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ইতিমধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করেছেন। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে একদিকে যেমন প্রবীণ ডাক্তারদের মেধা ও দক্ষতার সঠিক ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে সাধারণ মানুষও সরকারি হাসপাতালে আরও সহজে উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা পাবেন।