মাফিয়াদের ভয় নেই, মৃত্যুশয্যায় দাঁড়িয়েও অবিচল বিচারক!
বার্তা ডেস্কঃ
September 9, 202611:33 am
“মাফিয়াদের হুমকির কাছে মাথা নত করে কাপুরুষ বিচারক হিসেবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করাও ভালো!”— আদালত কক্ষে দাঁড়িয়ে এমনই নজিরবিহীন ও সাহসিকতাপূর্ণ বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারপতি রবি কুমার দিবাকর। স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিতে গিয়ে গ্যাংস্টার ও মাফিয়া চক্রকে এই কড়া হুঁশিয়ারি দেন তিনি।
রায়দানকালে বিচারপতি দিবাকর স্পষ্ট জানান, বিচারকের এজলাসে বসে কোনো প্রভাবশালী অপরাধী বা গ্যাংস্টারের রক্তচক্ষু সহ্য করা হবে না। পশ্চিম উত্তরপ্রদেশের বিচারব্যবস্থায় অপরাধীদের দৌরাত্ম্য ও রাজনৈতিক আশ্রয়ের ভয়ঙ্কর চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, একসময় মুজাফফরনগরের আদালতে ‘শওকিন গ্যাং’ ও ‘ভিকি ত্যাগী গ্যাং’-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো ক্ষমতার অপব্যবহার করে বিচারক ও জেলা বদলের হুমকি দিত। এমনকি বিচার প্রক্রিয়া বানচাল করতে আদালতের গুরুত্বপূর্ণ নথি গায়েব করে দেওয়ার মতো দুঃসাহসও দেখাত তারা।
বিচার বিভাগের স্বাধীনতার ওপর মাফিয়াদের এই আঘাত রুখতে এবং আইনশৃঙ্খলার কঠোর প্রয়োগ নিশ্চিত করতে রায়টির একটি প্রতিলিপি উত্তরপ্রদেশের মুখ্য সচিবের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। কোনো অপরাধী যাতে ভবিষ্যতে আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সেটি নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। বিচারপতির এই নির্ভীক ও কড়া অবস্থান বর্তমানে দেশের বিচারব্যবস্থার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।