শালবনির ১৫ কোটি টাকার রহস্য: সুপ্রিম কোর্টে বড় দাবি রাজ্যের!

বার্তা ডেস্কঃ

শালবনি জমি দুর্নীতি মামলায় নতুন চাঞ্চল্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকার রহস্যজনক লেনদেনের দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

বুধবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সুমিতের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে, যার মধ্যে কেবল গত জুন মাসেই ঢুকেছে প্রায় ৭১ লক্ষ টাকা। তদন্তকারীদের প্রশ্নের জবাবে সুমিত অসঙ্গতিপূর্ণ ও গোলমেলে উত্তর দিয়ে তদন্তে অসহযোগিতা করছেন বলে দাবি করে রাজ্য। আদালতের নির্দেশে ওই জিজ্ঞাসাবাদের ভিডিও ও লিখিত নথিও জমা দেওয়া হয়। রাজ্যের যুক্তি, এই বিপুল অর্থের প্রকৃত উৎস জানতে সুমিতকে হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

অন্যদিকে, সুমিতের আইনজীবীরা পাল্টা নথি জমা দিয়ে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেন। শালবনিতে সরকারি জমি অবৈধভাবে বিক্রি ও নথি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত সুমিত রায় হাইকোর্টে আগাম জামিন না পেয়ে সুপ্রিম কোর্টে যান। বর্তমানে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী রক্ষাকবচে থাকা সুমিতের এই মামলাটির পরবর্তী শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *