নেতাজি ভবন মেট্রোয় দুই মহিলার তুলকালাম কাণ্ড, হাতাহাতি ও চুলোচুলি!
বার্তা ডেস্কঃ
September 10, 20262:33 pm
নেতাজি ভবন মেট্রো স্টেশনে সোমবার রাতে দুই মহিলা যাত্রীর সঙ্গে RPF কর্মীদের হাতাহাতির জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল। রাত প্রায় দশটা নাগাদ ঘটা এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, মদ্যপ অবস্থায় থাকা ওই দুই মহিলা যাত্রী বিনা প্ররোচনায় কর্তব্যরত RPF কর্মী ও মহিলা স্টেশন মাস্টারের সঙ্গে বচসায় জড়ান এবং পরে তা হাতাহাতিতে গড়ায়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, দুই মহিলা যাত্রী এবং RPF কর্মীরা মাটিতে ধস্তাধস্তি করছেন। একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি ও মারধরের পাশাপাশি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন ইউনিফর্ম পরা অন্য কর্মীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ভবানীপুর থানার পুলিশ নেতাজি ভবন স্টেশনে পৌঁছয়। পরে ওই দুই মহিলার পরিবারের সদস্যরাও সেখানে আসেন।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত দুই যাত্রীর গা থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। ঘটনার পর তাঁরা লিখিতভাবে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে মুচলেকা দেন। পাশাপাশি, ওই দুই যাত্রীকে ১,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। কীভাবে এই ঘটনার সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে।