রাজ্যের নাম বদল নিয়ে বড় চমক, এবার নেতৃত্বে কার্তিক মহারাজ!
বার্তা ডেস্কঃ
September 12, 20268:33 am
রাজ্যের বিভিন্ন রাস্তা, প্রধান সড়ক, সেতুসহ সর্বসাধারণের ব্যবহারের জায়গাগুলির নতুন নামকরণ এবং নাম পরিবর্তনের প্রস্তাব খতিয়ে দেখতে রাজ্যস্তরে একটি নতুন উপদেষ্টা কমিটি গঠন করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে দশ সদস্যের এই উচ্চপর্যায়ের পরিষদ তৈরি করা হয়েছে। নবগঠিত এই কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)।
এই কমিটিতে চেয়ারপার্সন ছাড়াও রয়েছেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং বিষ্ণুপদ দত্তসহ প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা।
সরকারি নির্দেশিকা অনুসারে, কলকাতা পুরসভা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর, পুরসভা, স্থানীয় প্রশাসন ও অনুমোদিত সংস্থা থেকে আসা নতুন নাম বা নাম বদলের প্রস্তাবগুলি বিচার-বিশ্লেষণ করাই হবে এই কমিটির মূল কাজ।
যেকোনো নামকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব, ভৌগোলিক পরিচয় এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া, প্রয়োজনবোধে পুরোনো ঐতিহাসিক বা লোকমুখে প্রচলিত জনপ্রিয় নাম ফিরিয়ে আনার প্রস্তাবও খতিয়ে দেখা হবে। প্রখ্যাত ব্যক্তিত্বদের অবদান কিংবা ঐতিহাসিক স্মৃতির সঙ্গে সঙ্গতি রেখেই নতুন নাম চূড়ান্ত করা হবে।