অশিক্ষিত বলে অপমান! বিধায়ক রেখা পাত্রের হুংকারে তোলপাড় জেলা বিজেপি।
বার্তা ডেস্কঃ
September 12, 20262:33 pm
সন্দেশখালির প্রতিবাদী মুখ তথা হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র এবার দলের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে আনলেন। বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি অভিযোগ করেছেন, তিনি কম শিক্ষিত বলে দলেরই একশ্রেণীর নেতা তাঁকে ক্রমাগত অপমান করছেন এবং ভুল পথে চালিত করার চেষ্টা করছেন।
রেখা পাত্রের দাবি, জেলা কমিটির নানা অনুষ্ঠানে ডেকে এনেও তাঁকে অপমান করা হয়। সেই কারণেই তিনি জেলা নেতৃত্বের যাবতীয় কর্মসূচি এড়িয়ে চলেন এবং নিজের বিধানসভা এলাকার কাজের ওপরই পুরো মনোযোগ দিচ্ছেন। সমাজমাধ্যমে প্রচারের আলোয় থাকার বিরোধিতা করে তিনি স্পষ্ট জানান, ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি এলাকার মানুষের সমস্যা শুনতেই ব্যস্ত থাকেন। বড় নেতা হওয়া বা রাজনীতিতে ভেসে থাকার জন্য সমাজমাধ্যমে নিজেকে প্রদর্শন করার রাজনীতি তিনি করেন না।
তবে জেলা নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হলেও দলের নীতি বা রাজ্য সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানান এই বিধায়ক। তিনি সম্পূর্ণ বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে এনেছেন এবং সঠিক বিচারের ভার তাঁদের ওপরেই ছেড়ে দিয়েছেন।
অন্যদিকে, বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য জানান, বিধায়ক হিসেবে রেখা পাত্রকে সর্বদা প্রাপ্য সম্মান দেওয়া হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই সবাইকে একসঙ্গেই লড়াই করতে হবে। বিষয়টি শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন এবং তাঁদের নির্দেশমতোই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।