রিল বানালেই কি কানেক্ট হওয়া যায়? যুবককে থাপ্পড় মেরে মোদীকে নিশানা অরবিন্দ কেজরিওয়ালের!
বার্তা ডেস্কঃ
September 28, 20266:45 pm
দিল্লির রাজনীতিতে ফের পারদ চড়ল এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে। পূর্তমন্ত্রী প্রবেশ ভার্মার বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় এক যুবককে চড় মারার গুরুতর অভিযোগ উঠেছে। তিলক নগরে একটি নতুন রাস্তার কাজ পরিদর্শনের সময় আম আদমি পার্টির (AAP) বিধায়ক জারনাইল সিংয়ের অনুগামী সাহেব সিংকে মন্ত্রী চড় মারেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা।
কীভাবে শুরু বিতর্ক? তিলক নগরে নবনির্মিত রাস্তার কাজ পরিদর্শনে গিয়েছিলেন পূর্তমন্ত্রী প্রবেশ ভার্মা। অভিযোগ, নিম্নমানের কাজ ও রাস্তা ভেঙে যাওয়া নিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপ সমর্থকরা। কথাকাটাকাটির মাঝেই মেজাজ হারিয়ে সাহেব সিংকে চড় কষিয়ে দেন মন্ত্রী। মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হতেই পথে নামে আপ ও কংগ্রেস।
‘জেন জি’ প্রসঙ্গ টেনে মোদীকে তোপ কেজরিওয়ালের: ঘটনার কড়া নিন্দা করে ভিডিও বার্তা দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রীকে সরাসরি বিঁধে তিনি বলেন, “একদিকে প্রধানমন্ত্রী রিল বানিয়ে বা ভজন ক্লাবে গিয়ে তরুণ প্রজন্ম বা ‘Gen-Z’-কে কাছে টানার চেষ্টা করছেন, আর অন্যদিকে তাঁর মন্ত্রীরা রাস্তায় যুবকদের গায়ে হাত তুলছেন! এভাবে যুবসমাজকে পাশে পাওয়া যায় না, তরুণরা সততা দেখতে চায়।” অভিযুক্ত মন্ত্রী ও দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ারদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।
পাল্টা তোপ বিজেপির: কেজরিওয়ালের এই আক্রমণের কড়া জবাব দিয়েছেন মন্ত্রী প্রবেশ ভার্মা নিজেই। পাল্টা ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “নাটকের ফাঁকে সময় পেলে আসবেন কেজরিওয়াল জি, মানুষের মন জয় কীভাবে করতে হয় শেখাব।” অন্যদিকে আপ বিধায়ক সঞ্জীব ঝা বিজেপিকে ‘রাস্তার গুণ্ডা’ আখ্যা দিয়ে খুব শীঘ্রই দুর্নীতির প্রমাণ প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে, এই ঘটনায় এখন উত্তাল রাজধানীর রাজনৈতিক ময়দান।