১০ বিদ্রোহী বিধায়কের পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত!
বার্তা ডেস্কঃ
September 28, 20266:48 pm
দলত্যাগ বিরোধী আইন ভঙ্গ ও দলীয় নির্দেশ অমান্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের ১০ জন বিদ্রোহী বিধায়কের পদ খারিজের মামলায় বড় সিদ্ধান্ত শোনাল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ না করে পুরো বিষয়টি বিধানসভার স্পিকারের ওপরই ছেড়ে দিয়েছে।
মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, আগামী ৮ অক্টোবরের মধ্যে স্পিকারকে এই বিষয়ে উপযুক্ত ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
আদালতের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোনো বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন বা পদ খারিজের মতো সাংবিধানিক চূড়ান্ত ক্ষমতা কেবল স্পিকারেরই রয়েছে। সাধারণত ৩ থেকে ৪ মাসের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আইনি নিয়ম রয়েছে এবং স্পিকার নির্ধারিত সময়ের মধ্যেই যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেছে আদালত। শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, অনেক ক্ষেত্রে আদালতের জন্যও নির্দিষ্ট সময়সীমা অক্ষরে অক্ষরে মেনে চলা কঠিন হয়ে পড়ে, তাই একটি যুক্তিসঙ্গত সময়ের কথা মাথায় রেখে স্পিকারের সিদ্ধান্ত নেওয়া উচিত।
প্রসঙ্গত, কালীঘাটপন্থী তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ ১০ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হয়েছিল। সম্প্রতি নির্বাচন কমিশন তৃণমূলের জোড়াফুল প্রতীক ও দলের নাম ফ্রিজ করার পর থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। এই আবহে আগামী ৮ অক্টোবরের মধ্যে স্পিকার রথীন্দ্রনাথ বসু এই ১০ জন বিদ্রোহী বিধায়কের ভাগ্য নির্ধারণে কী পদক্ষেপ নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।