কোটি টাকার দুর্গোৎসবের পাস জালিয়াতি! ইডি দফতরে হাজির ইন্দ্রনীল সেন

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর প্রিভিউ শো-এর এন্ট্রি পাস বিক্রির নামে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার নির্ধারিত সময়ের কিছু পরে বেলা ১১টা নাগাদ তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় পৌঁছন। ইউনেস্কোর নাম এবং লোগো বেআইনিভাবে ব্যবহার করে ‘মাস আর্ট’ নামক একটি সংগঠনের মাধ্যমে চড়া দামে ভুয়া পাশ বিক্রির অভিযোগ রয়েছে। এই চক্রের মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। এই সংস্থার সঙ্গে ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনও যুক্ত ছিলেন বলে অভিযোগ।

এর আগে গত জুন মাসে বউবাজার থানায় এই বিষয়ে আর্থিক তছরূপের মামলা দায়ের করেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। কসবায় প্রাক্তন মন্ত্রীর বাড়ি ছাড়াও ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তের পঞ্চসায়রের বাসভবন এবং সিঙ্গুরের বাগানবাড়িসহ বিভিন্ন ঠিকানায় অভিযান চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলা এই তল্লাশি অভিযানের পরই দুর্নীতির উৎস ও আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখতে ইন্দ্রনীল সেনকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। এই জালিয়াতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *