বাজি ফাটানো নিয়ে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে খুশির হাওয়া!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরসুমে বাজিপ্রেমীদের জন্য বড় খবর নিয়ে এল শীর্ষ আদালত। দেশের বাজারে বাজি বিক্রি এবং ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে স্পষ্ট অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে সারাদিন ধরে ইচ্ছেমতো বাজি ফাটানোর অবাধ সুযোগও আর থাকছে না।
বুধবার একটি মামলার শুনানিতে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ স্পষ্ট জানায়, একদিকে যেমন মানুষের আবেগ ও উৎসবের ভাবনা জড়িয়ে রয়েছে, অন্যদিকে তেমনই সাধারণ মানুষ ও পরিবেশ সুরক্ষার বিষয়টিকেও এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই দুইয়ের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি।
আদালতের মতে, বাজি পুরোপুরি বন্ধ করে দিলে তা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করতে পারে। আবার অন্যদিকে সারাদিন ধরে বাজি ফাটলে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের পাশাপাশি পশুপাখি এবং পরিবেশের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে।
এই পরিস্থিতিতে একটি ‘মধ্যপন্থা’ অবলম্বনের ওপর বিশেষ জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা মৌখিকভাবে জানিয়েছেন, একটি সুনির্দিষ্ট সমাধান সূত্র বের করতে হবে, যেখানে দিনভর বাজি ফাটানো বন্ধ করে নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে। এর ফলে ঐতিহ্য ও আনন্দ যেমন বজায় থাকবে, তেমনই রক্ষা পাবে জনস্বাস্থ্য ও পরিবেশ।