পুজোয় ডিজে বাজালেই জেল-জরিমানা, কড়া হুঁশিয়ারি পুলিশের!

বার্তা ডেস্কঃ

বারুইপুর: আসন্ন দুর্গাপুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দদূষণ রুখতে চরম কঠোর অবস্থান নিল বারুইপুর জেলা পুলিশ। এ বারের পুজোয় ডিজে ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি নির্দেশ অমান্য করে ডিজে বাজালে পুজো কমিটি এবং সাউন্ড ব্যবসায়ী—উভয় পক্ষের বিরুদ্ধেই নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ।

ডিজে বাজালে বাতিল হবে লাইসেন্স মঙ্গলবার বারুইপুরে জেলার শব্দযন্ত্র ব্যবসায়ী, ডেকরেটর, সোনার দোকানের মালিক এবং পেট্রল পাম্পের মালিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করে পুলিশ প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অতীশ বিশ্বাস এবং বারুইপুর থানার আইসি শান্তনু মিত্র।

বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পুজোয় কোনওভাবেই ডিজে বাজানো বা ভাড়া দেওয়া যাবে না। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনার দোকানে সিসিটিভি বাধ্যতামূলক উৎসবের মরশুমে সোনা-রুপোর গয়না কেনার ভিড় বাড়ে, আর সেই সুযোগে চুরি বা ছিনতাইয়ের ঘটনাও ঘটতে পারে। অপরাধ দমনে জেলার সমস্ত গয়নার দোকানে সিসিটিভি ক্যামেরা বসানো এবং তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা বাধ্যতামূলক করেছে বারুইপুর পুলিশ।

উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা সুনিশ্চিত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় বারুইপুর পুলিশ জেলা যে বিন্দুমাত্র আপস করবে না, তা এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *