পুজোর মাসেই খুশির জোয়ার, অক্টোবরে টানা ১৭ দিন ছুটি সরকারি কর্মীদের!
বার্তা ডেস্কঃ
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু। দেবীপক্ষের সূচনার সঙ্গেই উৎসবের মেজাজে মাতবে রাজ্যবাসী। এর মাঝেই সরকারি কর্মীদের জন্য সামনে এল এক দুর্দান্ত খবর। চলতি অক্টোবর মাসে বিভিন্ন উৎসব ও ছুটির দিন মিলিয়ে মোট ১৭ দিন ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। গান্ধী জয়ন্তী থেকে শুরু করে পুজোর মরশুম—সব মিলিয়ে মাসের একটা বড় অংশজুড়ে থাকবে ছুটির আনন্দ।
চলতি মাসের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটির পাশাপাশি রয়েছে শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটি। আগামী ১০ অক্টোবর মহালয়া এবং ১১ অক্টোবর রবিবার হওয়ায় পরপর মিলছে ছুটির সুবিধা। এছাড়া আগামী ১৫ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন দুর্গাপুজোর বিশেষ ছুটি থাকবে। সব মিলিয়ে ৩১ দিনের এই অক্টোবর মাসে প্রায় অর্ধেকের বেশি দিনই অফিস বন্ধ থাকবে সরকারি কর্মীদের।