তৃণমূলকে ‘টুকরো টুকরো গ্যাং’ বলে হুঙ্কার অগ্নিমিত্রার!
বার্তা ডেস্কঃ
হাবড়ায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে এসে আসন্ন উপনির্বাচন ও দিল্লিতে বিরোধী জোটে বৈঠক প্রসঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি দাবি করেন, তৃণমূল এখন ‘টুকরো টুকরো গ্যাং’-এ পরিণত হয়েছে এবং আসন্ন উপনির্বাচনে দু’টি আসনেই বিজেপির জয় নিশ্চিত। রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে তিনি অভিযোগ করেন, বিগত ১৫ বছর ধরে ক্ষমতাসীন দলটি রাজ্যজুড়ে জঙ্গিদের নিয়ে এসেছে এবং তাদের আশ্রয় দিয়েছে। এদিনের কর্মসূচিতে বাণীপুরের মুক্তিধাম মহাশ্মশানে ৩ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বৈদ্যুতিক চুল্লি এবং ১৬১ কোটি ৫০ লক্ষ টাকা বাজেটের ‘অম্রুত’ প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
শহরের পরিকাঠামো জোরদারে হাবড়ার রাস্তা, নিকাশি ও আলোকসজ্জা সংস্কারের পাশাপাশি রবীন্দ্রভবন, নাট্য অ্যাকাডেমি ও স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার একগুচ্ছ পরিকল্পনা পেশ করেন পুরমন্ত্রী। শহরের নিকাশি সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে কেএমডিএ কর্মকর্তাদের ‘মাস্টার প্ল্যান’ তৈরির নির্দেশ দেওয়ার সাথে সাথে মহালয়ার আগেই ভাঙাচোরা রাস্তা ও আলো মেরামতের মেয়াদ নির্ধারণ করেন তিনি। বাজারে প্লাস্টিক বর্জ্য কমাতে বায়োডিগ্রেডেবল প্যাকেটের মেশিন বসানো এবং ২০২৭ সালের মধ্যে সমগ্র রাজ্যকে জঞ্জালমুক্ত করার রূপরেখা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অশোকনগরের বিধায়ক সুময় হীরা এবং বিজেপির স্থানীয় বিধায়ক দেবদাস মণ্ডল উপস্থিত ছিলেন; যেখানে বিধায়ক দেবদাস মণ্ডল অম্রুত প্রকল্পের কাজে ঘটে যাওয়া অনিয়মের তদন্তের আর্জি পেশ করেন।