নির্বাচন কমিশনকে তোপ দেগেও উপনির্বাচনে বড় ধাক্কা, আইএসএফের প্রতীক মামলা খারিজ হাইকোর্টে!
বার্তা ডেস্কঃ
উপনির্বাচনের মুখে বড় ধাক্কা খেল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ। দলটির ‘খাম’ প্রতীক সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেও শেষ পর্যন্ত ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিগত দুটি নির্বাচনে এই ‘খাম’ প্রতীক নিয়েই জয়ী হয়েছিল আইএসএফ। কিন্তু আসন্ন উপনির্বাচনে সেই প্রতীকটি তৃণমূলকে বরাদ্দ করে কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নৌশাদ সিদ্দিকিরা আদালতের দ্বারস্থ হলেও বেশ কিছুদিন শুনানির পর বুধবার বিচারপতি কৃষ্ণা রাও মামলাটি পুরোপুরি খারিজ করে দেন।
রায়ে বিচারপতি জানান, আদালতের নিয়ম অনুযায়ী এই মুহূর্তে চলমান নির্বাচন প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করা সম্ভব নয়। তবে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি কঠোর মন্তব্য করেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, তবে সেক্ষেত্রে আদালতের আর কী-ই বা করার থাকে। কমিশনের সিদ্ধান্ত সর্বদা নিরপেক্ষ হওয়া উচিত ছিল। বিতর্কিত এই প্রতীকটি কোনো রাজনৈতিক দলকেই না দিলে এই সমস্যার সৃষ্টি হতো না বলেও আদালত তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দিয়েছে।