কাপড়ের আড়ালে গাঁজার বড় চালান, ধরা পড়তেই যা স্বীকার করল মামা-ভাগ্নে!
বার্তা ডেস্কঃ
ফেরিওয়ালার ছদ্মবেশে ব্যাগে করে গাঁজা পাচারের বড়সড় ছক বানচাল করল ময়নাগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ময়নাগুড়ির ইন্দিরা মোড় এলাকায় অভিযান চালিয়ে পাঞ্জাবের বাসিন্দা বিকাশ কুমার ও রাজেশ কুমার নামের দুই মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নেমে শিলিগুড়িমুখী ট্রেন ধরার পরিকল্পনা ছিল তাঁদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ময়নাগুড়ির বিডিও সৌমেন দাসের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কাপড়ের ব্যাগ থেকে একাধিক গাঁজার প্যাকেট উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, পাঞ্জাব থেকে আসা এক ফোনের নির্দেশে মোটা টাকার লোভে তাঁরা কোচবিহার থেকে এই গাঁজার প্যাকেটগুলো পাচার করছিলেন। পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই চক্রের পেছনে অন্য কোনো বড় মাথার হাত রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে।