উত্তরাখণ্ডে চোখের সামনে ভেঙে পড়ল আস্ত পাহাড়, গায়ের লোম খাড়া করা ভিডিও ভাইরাল!
বার্তা ডেস্কঃ
নেপাল ও সিকিমের পথ ধরে এবার উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে এক মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটেছে। সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এক আতঙ্কের ভিডিওতে দেখা যায়, আচমকাই সবুজ পাহাড়ের এক বিশাল অংশ বিদ্যুৎ গতিতে ধসে নিচে নেমে আসছে। বিশাল মাটি ও পাথরের চাঁই ভেঙে পড়ার সময় তৈরি হয় ধুলোর ঘন মেঘ, যা কিছুক্ষণের জন্য গোটা এলাকা ঢেকে ফেলে। খানিক দূরে থাকা একদল পর্যটক চোখের সামনে পাহাড় ভেঙে পড়ার এই ভয়াবহ দৃশ্য দেখে তীব্র আতঙ্কে শিউরে ওঠেন।
‘সুরজিৎ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা এই ভিডিওটি ইতিমধ্যে নেটাগরিকদের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে। ক্রমাগত প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে পাহাড়ি রাজ্যটি এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে, যেখানে ভূমিধসের পাশাপাশি উঁচু এলাকায় তুষারপাতও শুরু হয়েছে। বহু স্থানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের পর হিমালয় অঞ্চলের অতিরিক্ত গৃহনির্মাণ ও অবৈজ্ঞানিক পরিকাঠামো উন্নয়ন নিয়ে নতুন করে তীব্র প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।