রেজিনগরে বিভাজন ভুলে সম্প্রীতি, শুভেন্দুর কোন পদক্ষেপে চমকে গেল এলাকা?
বার্তা ডেস্কঃ
রেজিনগর উপনির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী সাখারভ সরকারের সমর্থনে জনসভায় তীব্র রাজনৈতিক ও উন্নয়নমূলক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক স্বার্থে ‘৭০/৩০’-এর বিভাজন রাজনীতি ভুলে সমস্ত ‘রাষ্ট্রবাদী’ মানুষকে একজোট হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যের মাধ্যমে হিংসাহীন শাসনব্যবস্থা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বাত্মক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করিয়ে তিনি জানান, দম্ভ ও অত্যাচারের পতন সুনিশ্চিত। একই সঙ্গে সাগরদিঘির প্রসঙ্গ টেনে প্রতিপক্ষকে কটাক্ষ করে আশ্বাস দেন, রাজনৈতিক বৈরী সত্ত্বেও সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করার মতো নীতিহীন কাজ তাঁদের দল করে না।
শিল্পায়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে রেজিনগর শিল্প তালুককে নতুন করে গড়ে তোলার রূপরেখা প্রকাশ করেন শুভেন্দু। ইতিমধ্যে চারটি শিল্প প্রস্তাব আসার কথা জানিয়ে তিনি বিশ্বাস দেন, আগামী দেড় বছরের মধ্যে এখানে কারখানার ধোঁয়া দেখা যাবে এবং পরিযায়ী শ্রমিকদের আর ভিনরাজ্যে যেতে হবে না। আমুল ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় দুগ্ধচাষিদের উন্নতি, নতুন সেতু এবং কলেজ নির্মাণেরও অঙ্গীকার করেন তিনি। জয়ের বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী হয়ে তিনি জানান, ফল প্রকাশের দিন বিজয়ী প্রার্থীর জয়ের সার্টিফিকেট নিজ হাতে গ্রহণ করতে কলকাতায় হেলিকপটার প্রস্তুত থাকবে।