অনলাইন আড্ডার আড়ালে মগজধোলাই! ভারতে ফাঁস ভয়াবহ জঙ্গি ছক

বার্তা ডেস্কঃ

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি চাঞ্চল্যকর জঙ্গি নেটওয়ার্কের সন্ধান পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ‘পূর্বের আকাশ’ নামে একটি এনক্রিপ্টেড টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ, আসাম ও কেরালায় উগ্রবাদী মতাদর্শ ছড়ানো, সদস্য সংগ্রহ এবং অর্থ জোগাড়ের কাজ চালানো হচ্ছিল। এই ষড়যন্ত্রের অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে কেউ নিজেদের দর্জি আবার কেউ ইমাম পরিচয়ে বসবাস করছিলেন। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইউএপিএ (UAPA) ধারায় মামলা রজু করে আদালত পাঁচ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে।

তদন্তকারীদের দাবি, এই নেটওয়ার্কের সঙ্গে ইমাম মাহমুদ হাবিবুল্লার তৈরি ‘ইমাম মাহমুদের খিলাফা’ (আইএমকে) সংগঠনের সরাসরি যোগসূত্র রয়েছে। অনলাইনে তরুণদের মগজধোলাইয়ের পাশাপাশি ‘বায়তুল মাল’-এর মাধ্যমে তহবিল গড়ে তোলার মতো কাজও পরিচালনা করা হতো। অতীতে এই সংগঠনের মূল ষড়যন্ত্রের মামলায় সংস্থাটি ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। বর্তমানে এই বিশেষ টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমে ঠিক কতজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল এবং ভারতের অন্যান্য রাজ্যে এই নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে মূল অভিযুক্তদের গুয়াহাটিতে নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *