বাইকে এসে দিনেদুপুরে অপহরণ! হাওড়া থেকে উদ্ধার পেয়ারেলাল, গ্রেফতার ৭ দুষ্কৃতী
বার্তা ডেস্কঃ
হাওড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত পেয়ারেলাল নামের এক ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বাসস্ট্যান্ড সংলগ্ন রেলের সাবওয়ের সামনে থেকে বাইকে এসে জোরপূর্বক তাঁকে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে গোলাবাড়ি ও লিলুয়া থানার যৌথ টিম লিলুয়া ঝিল রোডের একটি বহুতলে অভিযান চালায়। সেখান থেকেই কুখ্যাত দুষ্কৃতী রাহুল মল্লিকসহ মোট সাতজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড তাজা কার্তুজ, ৯টি মোবাইল ফোন এবং একটি ট্যাব বাজেয়াপ্ত করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির ওপর ভিত্তি করে তদন্তকারীরা অপহৃতের অবস্থান চিহ্নিত করেন। হাওড়া পুলিশের ডিসিপি (নর্থ) অম্লান কুসুম ঘোষ জানান, অপরাধের মূল উদ্দেশ্য খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিক অনুমান, মোটা অঙ্কের টাকা আদায়ের লক্ষ্যেই এই অপহরণ চালানো হয়েছিল। উল্লেখ্য, মূল অভিযুক্ত রাহুল মল্লিক একটি খুনের মামলায় ১৬ বছর জেল খেটে সম্প্রতি বাইরে এসেছে। এদিন সব ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়।