পুজোর ছুটি বাতিল, পুলিশ কর্মীদের জন্য জারি কড়া নির্দেশিকা!
বার্তা ডেস্কঃ
আসন্ন উৎসবের মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে একটি বিশেষ নির্দেশনামা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে পুজোর কদিন পুলিশ কর্মীদের ছুটির ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি থাকবে।
ছুটি নিয়ে কঠোর নির্দেশিকা: পশ্চিমবঙ্গ পুলিশ সদর দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীর সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। শুধুমাত্র অত্যন্ত জরুরি বা অপরিহার্য পরিস্থিতি ছাড়া এই সময়ে কাউকে ছুটি দেওয়া হবে না। উৎসবের দিনগুলিতে রাজ্যজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত কমিশনারেট এবং জেলা পুলিশ সুপারদের কাছে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের বড় রদবদল: শুধু ছুটি বাতিলই নয়, পুজোর ঠিক আগে প্রশাসনিক স্তরেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে রাজ্যের ২৩ জন শীর্ষ পুলিশ আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ সার্ভিস সেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা ঘোষণা করা হয়েছে।
উৎসবের কদিন সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং ভিড় সামলাতে পুলিশ প্রশাসন এখন থেকেই সম্পূর্ণ প্রস্তুত।