বিদেশে পালিয়েও শেষ রক্ষা নেই! টুলুর অনুপস্থিতিতেই শুরু পাথর সম্রাটের বিচার
বার্তা ডেস্কঃ
বীরভূমের বহুল আলোচিত ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার আইনের খাঁচা আরও শক্ত হলো। গ্রেফতারি এড়িয়ে বিদেশে আত্মগোপন করে থাকলেও, তাঁর অনুপস্থিতিতেই বিচারপ্রক্রিয়া চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিল আদালত।
বিশেষ আদালতে স্থানান্তর ও দৈনিক শুনানি এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ৪ জন রাজ্য সরকারি আধিকারিক। যুক্ত করা হয়েছে দুর্নীতিদমন আইনের একাধিক কড়া ধারা। দুর্নীতিদমন আইনের মামলা হওয়ায় বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে সোমবার সিউড়ি আদালত মামলাটি অতিরিক্ত জেলা জজের বিশেষ আদালতে স্থানান্তরিত করেছে। মামলার গুরুত্ব বিবেচনা করে প্রতিদিন শুনানির আবেদনও মঞ্জুর করেছেন বিচারক।
অনুপস্থিতিতেই হতে পারে সাজা বিশেষ সরকারি আইনজীবী জানান, দুর্নীতিদমন আইনের বিধান অনুযায়ী অভিযুক্ত গ্রেফতার না হলেও বা আদালতে উপস্থিত না থাকলেও বিচার থেমে থাকে না। আদালত চাইলে বিচারপ্রক্রিয়া চালিয়ে অভিযুক্তকে দোষীও সাব্যস্ত করতে পারে। ফলে পশ্চিম এশিয়ায় লুকিয়ে থেকেও আইনি শাস্তি এড়ানো কঠিন টুলুর পক্ষে।
পলাতক ঘোষণা ও বন্দি প্রত্যর্পণের প্রস্তুতি রাজ্য পুলিশ টুলুকে ‘পলাতক অপরাধী’ (প্রোক্লেইমড অফেন্ডার) ঘোষণা করার আবেদন জানালেও, তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গিয়েছেন টুলুর আইনজীবী। বর্তমানে পুলিশ এখনও চার্জশিট জমা দিতে না পারলেও, তাঁকে ‘পলাতক’ ঘোষণা করা গেলে বিদেশ থেকে পাকড়াও করা সহজ হবে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার একাধিক দেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যার ফলে অপরাধীকে দেশে ফেরানো আসাম্ভব নয়।