নির্বাচন কমিশনে ধুন্ধুমার! পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা-অভিষেক
বার্তা ডেস্কঃ
নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কের প্রতিবাদে সংসদ ভবন থেকে নির্বাচন সদন পর্যন্ত ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলের মিছিল ঘিরে উত্তাল হয়ে উঠল জাতীয় রাজধানী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী সাংসদরা এই অভিযান চালালে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশি ব্যারিকেড ও কঠোর নিরাপত্তা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতাকে আটক করা হয়। বিরোধীদের এই বিক্ষোভের জেরে সংসদ ও নির্বাচন কমিশন চত্বরে চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ তিন হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং বিশেষ বডি ক্যামেরা বাহিনী মোতায়েন করে। কনট প্লেস ও আশপাশের এলাকায় ব্যাপক যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও, ইন্ডিয়া জোটের এই প্রতিবাদ থেকে নিজেদের সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছে আম আদমি পার্টি। সামগ্রিক এই পরিস্থিতি ঘিরে রাজধানীতে রাজনৈতিক পারদ চরমে পৌঁছেছে।