দশক পুরনো নিয়ম বদলাচ্ছে ভারতীয় রেল, আপনার টিকিট কি বাতিল হতে পারে?
বার্তা ডেস্কঃ
সাশ্রয়ী ও আরামদায়ক ভ্রমণের জন্য ভারতীয় রেল অত্যন্ত জনপ্রিয়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন পদক্ষেপ নেওয়া হলেও, এবার ট্রেনের টিকিট বুকিং সংক্রান্ত কয়েক দশক পুরনো নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, পুরনো ১০-সংখ্যার PNR সিরিজের জায়গায় চালু হতে চলেছে ‘মাইগ্রেটেড PNR’। আধুনিকীকরণের সুবিধার্থে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এই নতুন ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। লখনউ থেকে চলাচলকারী ১০০০-এরও বেশি ট্রেনে এর পাইলট প্রজেক্ট ইতিমধ্যেই চালানো হয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ নতুন সিস্টেমটি পুরোপুরি চালু হতে পারে।
এই পরিবর্তনের ফলে এখন থেকে PNR নম্বর জোড় সংখ্যার বদলে ১, ৩, ৫ বা ৭-এর মতো বিজোড় সংখ্যা দিয়ে শুরু হবে। নতুন এই নিয়মে সাধারণ যাত্রীদের বড় কোনো অসুবিধা না হলেও, যারা পুরনো পদ্ধতিতে টিকিট বুক করেছেন এবং পরবর্তীতে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চান, তারা সমস্যায় পড়বেন। নতুন সিস্টেমে পুরনো টিকিটের তারিখ পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে যাত্রীকে পুরনো টিকিট বাতিল করে সম্পূর্ণ নতুনভাবে টিকিট কাটতে হবে। তাই আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।