পুকুর বাঁচাতে সোচ্চার সেই নেতার বিরুদ্ধেই ২ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ!

বার্তা ডেস্কঃ

বরানগরে পুকুর ভরাট রোধে কিছুদিন আগেই যারা সোচ্চার ভূমিকা পালন করেছিলেন, এবার খোদ সেই বিজেপি নেতা রাজীব মিশ্রের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। পুরসভায় নির্দিষ্ট নিয়মে টাকা জমা দিয়ে পুকুর পরিষ্কার করানোর কাজ করাচ্ছিলেন মালিক জয়ন্ত ঘোষ। তাঁর অভিযোগ, গত ২৭ সেপ্টেম্বর কাজ চলাকালীন কয়েকজন অনুগামীকে নিয়ে সেখানে উপস্থিত হন ওই বিজেপি নেতা। শ্রমিকদের কাজে বাধা দেওয়া, মারধর করার পাশাপাশি পুকুরে বিষ ঢেলে সমস্ত মাছ মেরে ফেলা হয়। পরে ফোন করে মালিকের কাছে দুই লক্ষ টাকা তোলা চাওয়া হয়। এই ঘটনায় বরানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তালতলা মাঠের পিছনের এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা দত্ত জানান, পুরসভায় টাকা জমা দিয়েই বৈধভাবে পুকুর পরিষ্কারের কাজ চলছিল। এদিকে বরানগরের বিধায়ক সজল ঘোষ জানিয়েছেন, এলাকায় কোনওরকম পুকুর ভরাট হতে দেওয়া হবে না এবং তোলাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রাজীব মিশ্র দাবি করেছেন যে এর নেপথ্যে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বর্তমানে এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে বরানগর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *