অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ? পঞ্চসায়রে জোড়া দেহ ঘিরে চাঞ্চল্য!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ কলকাতার পঞ্চসায়রের নয়াবাদ এলাকায় এক প্রবীণ দম্পতির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ফ্ল্যাটের পিছনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় অসিত আশ নামের এক বৃদ্ধের দেহ উদ্ধার করে এবং পাশেই বিছানায় তাঁর শয্যাশায়ী স্ত্রী মন্দিরা আশের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্বামীর মৃত্যুর কারণ গলায় ফাঁস লাগানোর ফলে আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া গেলেও, স্ত্রীর মৃত্যুর আসল কারণ নিয়ে চিকিৎসকদের মধ্যে সংশয় রয়ে গিয়েছে।
পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকদের অনুমান, অসুস্থ ও শয্যাশায়ী স্ত্রীকে বালিশ বা হাত চাপা দিয়ে দমবন্ধ করে খুন করার পর ওই বৃদ্ধ নিজে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। ঘর থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে লেখা ছিল যে তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং শেষকৃত্যের জন্য এক লক্ষ টাকা রেখে যাওয়া হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ও নিঃসঙ্গতার জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।