অন ক্যামেরায় পুলিশকে হুমকি! আইনি বিপাকে বিতর্কিত নেতা হুমায়ুন কবীর
বার্তা ডেস্কঃ
রেজিনগর বিধানসভা উপনির্বাচন চলাকালীন ক্যামেরার সামনে পুলিশকর্মী ও রাজ্য প্রশাসনের শীর্ষ পদে থাকা ব্যক্তিত্বদের উদ্দেশ্যে বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করে নতুন করে বিপাকে পড়েছেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ভোটগ্রহণের দিন প্রকাশ্যে হিংসাত্মক ভাষা প্রয়োগ ও নারীদের মর্যাদাহানিকর শব্দ ব্যবহার করার অভিযোগে বিধাননগর সাইবার থানায় তাঁর বিরুদ্ধে লিখিত ই-মেল অভিযোগ দায়ের করেছেন বাগুইআটি এলাকার বাসিন্দা রাজীব সরকার। ওই অভিযোগে দাবি করা হয়েছে, বিতর্কিত এই মন্তব্য আদর্শ আচরণবিধি এবং নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকার মারাত্মক লঙ্ঘন।
উল্লেখ্য, উপনির্বাচনের দিন সকালে ভোট প্রদান পর্ব শেষেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ ও নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন হুমায়ুন কবীর। পরবর্তীতে রেজিনগরে নিজের কার্যালয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ালে নির্বাচন বিধিভঙ্গের দায়ে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। যদিও পরবর্তীতে থানা থেকে জামিনে মুক্তি পান এই নেতা। তবে মুক্তি পেলেও সাইবার থানায় নতুন করে দায়ের হওয়া এই ই-মেল অভিযোগের কারণে এই বিতর্কিত রাজনীতিকের আইনি জটিলতা যে আরও বৃদ্ধি পেল, তা বলাই বাহুল্য।