আকাশে জোড়া ফলার দাপট, আগামী তিন দিন কি ভাসবে বাংলা?

বার্তা ডেস্কঃ

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ বলয় সক্রিয় থাকায় রাজ্যজুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ দুর্বল হয়ে পড়েছে, তবুও বায়ুমণ্ডলের একাধিক নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দুই দিন দক্ষিণবঙ্গে এবং অন্তত তিন দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় অধিকাংশ স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টি হতে পারে। একই সাথে উত্তরের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *