মাঝরাতে অ্যাপ ক্যাবে ভয়ঙ্কর অভিজ্ঞতা, বিপদের মুখে জনপ্রিয় অভিনেত্রী!
বার্তা ডেস্কঃ
শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে রাতের কলকাতায় অ্যাপ ক্যাবে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বাঘিনী’ খ্যাত অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। মঙ্গলবার রাতে পার্কস্ট্রিটের কাজ শেষে দমদমের বাড়ির উদ্দেশ্যে অ্যাপ ক্যাব বুক করেছিলেন তিনি। কিন্তু গন্তব্য পরিবর্তনের জেরে চালকের সঙ্গে বচসা শুরু হয় এবং চালক গাড়ি থামাতে অস্বীকৃতি জানান। বারবার অনুরোধ সত্ত্বেও গাড়ি না থামিয়ে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে পৌঁছলে পরিস্থিতি চরমে ওঠে। চালকের এহেন আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী, যা তাঁর চোখে-মুখে স্পষ্ট ফুটে ওঠে।
গাড়ি থেকে নামার পর ভাড়া নিয়ে তীব্র বাকবিতণ্ডার জেরে চালক অভিনেত্রীর ভারী শুটিং ব্যাগটি গাড়িতে রেখেই গাড়ি ছুটিয়ে চম্পটের চেষ্টা করেন। মাঝরাস্তায় ক্যাবের পিছনে দৌড়ে জীবনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়েন সম্পিতা। অভিনেত্রীর অভিযোগ, ক্যাব অ্যাপের জরুরিকালীন সেফটি ফিচারে যোগাযোগ করেও কোনো সাহায্য মেলেনি। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় নিরাপদ দূরত্বে সরে এলেও চরম মানসিক আঘাত পান তিনি। এই ঘটনায় কালীঘাট থানায় ক্যাব চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন আতঙ্কিত অভিনেত্রী।